ভূরুঙ্গামারীতে রবীন্দ্র, নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্রের উদ্বোধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাহিত্য, সংস্কৃতি ও লোকঐতিহ্য চর্চাকে আরও সমৃদ্ধ করতে রবীন্দ্র, নজরুল ও ভাওয়াইয়া চর্চা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২১জুলাই) দুপুরে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি এবং উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চর্চা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক এস এম নাসিমুল হক। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শনের পাশাপাশি উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া সংগীতের চর্চা ও বিকাশে এই কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড, সংগীত প্রশিক্ষণ, আবৃত্তি, আলোচনা সভা এবং বিভিন্ন সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা সাংস্কৃতি বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ( জাসাস) কুড়িগ্রাম জেলার আহ্বায়ক আহসান হাবীব সজিব,জেলার বিশিষ্ট ভাওয়াইয়া ব্যক্তিত্ব,গোলজার হোসেন,ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নবগঠিত চর্চা কেন্দ্রের কার্যক্রম সফলভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন,এ উদ্যোগ ভূরুঙ্গামারীতে সাংস্কৃতিক চর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং তরুণ প্রজন্মকে সাহিত্য, সংগীত ও নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আরও আগ্রহী করে তুলবে। 

অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Share With