অভ্যুত্থানের প্রায় এক বছর পূর্ণ হতে চললেও শহীদ পরিবারদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো মতবিনিময় না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, এখন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা তার সরকারের অন্যান্য উপদেষ্টাদের নিয়ে শহীদ পরিবারের সঙ্গে একবারের জন্যও বসতে পারেননি। এই জুলাই-আগস্টে মতবিনিময়ের পরিকল্পনা থাকলেও, তাও বাদ দেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে আগামী ৫ আগস্ট জেলা প্রশাসকের মাধ্যমে শহীদ পরিবারদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচি ঠিক করা হয়েছে। তবে এটিকে যথেষ্ট মনে করছেন না সারজিস আলম।
তিনি আরও বলেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি এক বছরে এক হাজার শহীদ পরিবারের সঙ্গে একবারও একসাথে বসার সক্ষমতা না দেখায়, তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কী হতে পারে?
এ অবস্থায় তিনি শহীদ পরিবারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমার মনে হয় সকল শহীদ পরিবারের উচিত ওই প্রোগ্রাম বয়কট করা।সারজিস আলমের এই মন্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
অনেকেই শহীদ পরিবারদের প্রতি অবহেলার অভিযোগ তুলে সরকারের প্রতি দ্রুত ও আন্তরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।