কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৯ পিস ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার যুবকের নাম সাগর খান (২১), তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাসিন্দা।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল বড়ভিটা মহাবিদ্যালয়ের মাঠে অভিযান চালায়। অভিযানে সাগর খানের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।
গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে রবিবার সকালে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি পুলিশের ওসি মোঃ বজলার রহমান।
পুলিশ জানায়, মাদকবিরোধী কার্যক্রমে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদক নির্মূলে অভিযান চলমান থাকবে।