কুড়িগ্রামে শ্রমিক আন্দোলনের নাম ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ, ইসলামী আন্দোলনের নিন্দা

সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রমিক আন্দোলনের নাম ব্যবহার করে মুফতী আব্দুর রাজ্জাক মাহমুদীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জামায়াতে ইসলামীতে যোগদানের বিষয়ে প্রচারিত তথ্যকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক’ দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখা।

রোববার (২ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মুফতী এস এম মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভূরুঙ্গামারী উপজেলা জামায়াতে ইসলামী’র ফেসবুক পেজসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে যে, ‘বাংলাদেশ শ্রমিক আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা উত্তরের প্রশিক্ষণ সম্পাদক মুফতী আব্দুর রাজ্জাক মাহমুদী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।’ তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভূরুঙ্গামারী উপজেলা শাখার দাবি, প্রচারিত এ তথ্য সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মুফতী আব্দুর রাজ্জাক মাহমুদী কখনোই ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা এর কোনো সহযোগী সংগঠন, যেমন শ্রমিক আন্দোলনের কোনো পদে বা দলে যুক্ত ছিলেন না।

শ্রমিক আন্দোলনের নাম ব্যবহার করে মুফতী আব্দুর রাজ্জাক মাহমুদীকে ঘিরে মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্টার এবং প্রচারণা চালানোকে ইসলামী আন্দোলন বাংলাদেশবিরোধী অপতৎপরতার অংশ হিসেবে উল্লেখ করা হয়।

এ ধরনের প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সহযোগী সংগঠনগুলো সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Share With