ভূরুঙ্গামারীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ১০৫ জন কৃতি শিক্ষার্থীকে ফুল, সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।

উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা ও জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সুমন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী খাদেমুল ইসলাম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবকেরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক আরিফুর রহমান শাহিন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন এবং দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা কাজে লাগানোর আহ্বান জানান।

Share With