কুড়িগ্রামের উলিপুরে বেকার যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহীর উদ্যোগে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের (HRF) অর্থায়নে এ প্রশিক্ষণ কেন্দ্রটি চালু করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মো. মাহবুবুল আলম সালেহী। বিশেষ অতিথি ছিলেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের ডেপুটি চিফ এক্সিকিউটিভ কাসিম তোকান ও কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সালমা আখতার, জাহাঙ্গীর প্লাবন, উলিপুর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটনসহ হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের কর্মকর্তারা।
আয়োজকরা জানান, উলিপুরের প্রায় ৫০ হাজার বেকার যুবক-যুবতীকে দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এ লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্রে ফ্রিল্যান্সিং, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, টেইলারিং, কারিগরি সার্ভিসিং, মোটর ড্রাইভিং, ভাষা শিক্ষা এবং বিভিন্ন চাহিদাসম্পন্ন পেশাভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
সংশ্লিষ্টরা জানান, প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগের পাশাপাশি আধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম সংযোজন করা হবে। পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে বিপুলসংখ্যক বেকার যুবক-যুবতীকে প্রশিক্ষণের আওতায় এনে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।
এ ছাড়া চলতি মাসেই প্রশিক্ষণ কেন্দ্রটির চারতলা ভবনের নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে। ভবন নির্মাণ ও আধুনিক সুযোগ-সুবিধা সংযোজনের মাধ্যমে কেন্দ্রটিকে উলিপুরের দক্ষ মানবসম্পদ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
উদ্যোক্তারা আশা করছেন, এ প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় বেকার যুবসমাজের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।