‘শিক্ষার্থীদের মানসিক বিকাশে কবি নজরুলের সাহিত্যচর্চা অপরিহার্য’: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ

শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল জয়ন্তী পালনে কুড়িগ্রামে মতবিনিময় সভা ​নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে কুড়িগ্রামে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

​সভায় শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও জীবনদর্শন ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সাংস্কৃতিক চেতনায় সমৃদ্ধ করতে কবি নজরুলের সাহিত্যচর্চার বিকল্প নেই। নজরুল বর্ষ উদযাপনের এই আয়োজন যেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

​অনুষ্ঠানে অন্যান্য বক্তারা জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবৃত্তি, সংগীত, নাটক ও নজরুল চর্চা বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

​মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ নাজির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

​এছাড়া সাংবাদিকদের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক আশরাফুল হক রুবেল ও সাইয়েদ আহমেদ বাবু। স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও সভায় তাঁদের নিজস্ব মতামত ও প্রস্তাবনা পেশ করেন।

Share With