কুড়িগ্রামে ধানক্ষেতে পড়েছিল মানুষের খণ্ডিত পা, পাশে রক্তমাখা পলিথিন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধানক্ষেত থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৬ আগস্ট) সকালে উপ‌জেলার সন্তোষপুর ইউনিয়‌নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন পথচারী সড়কের পাশে ধানের জমিতে একটি খণ্ডিত পা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই খণ্ডিত পা উদ্ধার করে। 

স্থানীয়রা আরও জানান, খণ্ডিত পায়ের পাশে রক্তমাখা একটি পলিথিন পড়েছিল। তাদের ধারণা, কেউ সড়ক দিয়ে যাওয়ার সময় খণ্ডিত পা সেখানে ফেলে যেতে পারে। তবে কখন বা কে এটি সেখানে রেখে গেছে, সে বিষয়ে তারা নিশ্চিত নন।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান বলেন, সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করা হয়েছে। এটি কার শরীরের অংশ এবং কিভাবে সেখানে এলো তা এখনও জানা যায়নি। 

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share With