এআই দিয়ে তৈরি বিকৃত ছবি ও পোস্টার সরিয়ে নেওয়ার নির্দেশ কুড়িগ্রাম জেলা ছাত্রদলের

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি বিকৃত ছবি ও পোস্টার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক অর্ঘ্য দ্বীপ সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের শুভেচ্ছা ব্যানার, ফেস্টুন ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখা যাচ্ছে। এসবের বেশিরভাগই AI প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে। এতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের চেহারা বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।

এ ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থী উল্লেখ করে বিজ্ঞপ্তিতে এসব ছবি ও পোস্টার দ্রুত ফেসবুক থেকে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

একই সঙ্গে ভবিষ্যতে ফেস্টুন ও ব্যানার তৈরির ক্ষেত্রে আরও সচেতন হওয়ার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আসল ছবি ব্যবহারের জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম বিপুল ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানার নির্দেশক্রমে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

Share With