শিক্ষার্থীদের জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ করে দিলেন আনোয়ারুল ইসলাম

কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের উদ্যোগে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নিজ এলাকার শিক্ষার্থীদের জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) শিক্ষার্থীদের একটি দল জাতীয় সংসদ ভবন পরিদর্শন করে। এ সময় তারা সরাসরি সংসদ অধিবেশন পর্যবেক্ষণের পাশাপাশি সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, লাইব্রেরি ও সংসদ প্রাঙ্গণ ঘুরে দেখেন।

পরিদর্শনকালে শিক্ষার্থীরা দেশের সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া, গণতান্ত্রিক ব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান। এতে পাঠ্যবইয়ে অর্জিত জ্ঞানের পাশাপাশি রাষ্ট্রের কার্যক্রম সম্পর্কে তাদের বাস্তব অভিজ্ঞতা ও ধারণা আরও সমৃদ্ধ হয়।

এ বিষয়ে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের নতুন প্রজন্মই আগামীর বাংলাদেশ। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, তাদের বাস্তব অভিজ্ঞতা ও নাগরিক সচেতনতা বৃদ্ধি করাও জরুরি। শিক্ষার্থীরা যাতে দেশের ইতিহাস, গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে হাতে-কলমে জানতে পারে, সে লক্ষ্যেই এই ক্ষুদ্র উদ্যোগ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বপ্ন, জ্ঞান ও ভবিষ্যৎ গঠনের পথচলায় আমি পাশে থাকব।’

পরিদর্শনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, টেলিভিশনে দেখা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করতে পেরে তারা আনন্দিত ও গর্বিত। এ ধরনের অভিজ্ঞতা তাদের দেশপ্রেম, নাগরিক সচেতনতা ও দায়িত্ববোধ আরও বাড়াতে সহায়ক হবে বলে তারা জানান।

শিক্ষাবিদদের মতে, পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও নাগরিক সচেতনতা বৃদ্ধিতে জাতীয় সংসদসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ নাগরিক হিসেবে গড়ে উঠতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share With