কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার ও বীজের সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে বিতরণ নিশ্চিত করতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে সার বিতরণ ব্যবস্থাপনা, কৃষকদের কাছে যথাসময়ে সার পৌঁছে দেওয়া এবং বিতরণে অনিয়ম ও কৃত্রিম সংকট রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সার ডিলারগণ, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম মহিবুল নঈম সিমন, বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমুখ ঞঞঞনপটটটট। সভায় সার বিতরণে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কৃষকদের যাতে সার সংগ্রহ করতে কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয় এবং প্রকৃত কৃষকরা যাতে নির্ধারিত নিয়ম অনুযায়ী সার পান, সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক নির্ধারিত অস্থায়ী ভিত্তিতে খুচরা দোকানে সাব-ডিলার নিয়োগ দেওয়ার একটি প্রস্তাবও উত্থাপন করা হয়। এর মাধ্যমে ইউনিয়নের প্রত্যন্ত এলাকার কৃষকদের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়া এবং সার বিতরণ ব্যবস্থাকে আরও সহজ ও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, সার বিতরণ নিয়ে যেন আর কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। সার বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের নিজ নিজ অবস্থান থেকে সার বিতরণ কার্যক্রম মনিটরিং করার আহ্বান জানান তিনি।
ইউএনও আরও বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যথাযথ নিয়মে বিতরণ করতে হবে। কোনো কৃষক যেন সার পাওয়া থেকে বঞ্চিত না হন এবং কেউ যেন অতিরিক্ত সুবিধা নিতে না পারেন, সে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে হবে।
সার ডিলারদের উদ্দেশ্যে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, সার বিতরণে কোনো ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সার ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা সার বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।