কুড়িগ্রামে শুক্রবার সকাল ৬টা-৮টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার অধিকাংশ এলাকায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি সংরক্ষণ (মেরামত) কাজের জন্য এ সময় লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পাওয়ার গ্রিডের রংপুর গ্রিড সংরক্ষণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের পাওয়ার গ্রিড নেটওয়ার্ক স্ট্রেন্থেনিং প্রকল্পের (জিটুজি) আওতায় রংপুর গ্রিড উপকেন্দ্রে ১৩২ কেভি লালমনিরহাট ও কুড়িগ্রাম বে-এর আপগ্রেডেশনের কাজ চলমান রয়েছে। এ কারণে বর্তমানে তারাগঞ্জ-০১ সার্কিট বে দিয়ে রংপুর-লালমনিরহাট সার্কিটের মাধ্যমে লালমনিরহাট ও কুড়িগ্রামের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

একটি সার্কিট দিয়ে বিদ্যুৎ সরবরাহের কারণে রংপুর গ্রিড উপকেন্দ্রের তারাগঞ্জ-০১ বে-এর বিভিন্ন জাংশন পয়েন্টে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। ফলে জরুরি ভিত্তিতে সংরক্ষণ কাজ করা প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ সংরক্ষণ কাজের সময় লালমনিরহাট ও কুড়িগ্রাম গ্রিড উপকেন্দ্রের আওতাধীন নেসকো-লালমনিরহাট, নেসকো-কুড়িগ্রাম এবং কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি ফিডারগুলোতে পূর্ণাঙ্গ লোডশেডিং থাকবে।

পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থার নিরাপত্তার স্বার্থে জরুরি এই সংরক্ষণ কাজ করা হচ্ছে। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Share With