কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক সেবনের সময় চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে নাগেশ্বরী পৌরসভার উত্তর বালাশীপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নাগেশ্বরী থানা পুলিশ। এ সময় মাদক সেবনরত অবস্থায় গোলাম মাওলা (২৮), মো. ওমর ফারুক (২৬), আরিফুল ইসলাম (১৮) ও নুরনবী (২৫)কে আটক করা হয়।
পরে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদক সেবনের দায়ে চারজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে প্রত্যেককে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা নাগেশ্বরী উপজেলার উত্তর বালাশীপাড়া এলাকার বাসিন্দা।