কুড়িগ্রামে জামায়াতের উদ্যোগে গ্রামীণ সড়ক মেরামত, খুশি স্থানীয়রাকুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিঙ্গারডাবরী হাটের দক্ষিণ দিক দিয়ে কুঁড়ারপাড় যাওয়ার দীর্ঘদিনের বেহাল গ্রামীণ সড়কটি অবশেষে মেরামতের আওতায় এসেছে। বৃষ্টির পর এই সড়কে পানি ও কাদা জমে চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিত।
স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এগিয়ে এসেছে ১নং ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলাম। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এই মেরামত কার্যক্রম। স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে এ কাজটি সম্পন্ন করেন জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা।
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দীন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম মানুষের কল্যাণে কাজ করে। সমাজের উপকারে আসে এমন যেকোনো উদ্যোগে আমরা অংশ নিতে চাই।মেরামত কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ছাদেকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ উদ্যোগে খুশি স্থানীয় এলাকাবাসী। তারা জানান, দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে অবশেষে। এখন অন্তত বর্ষার সময়েও স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবে।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত রাখার আহ্বান জানান।