ফুলবাড়ীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাস্তবায়িত “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBSSI) স্কিম”—এসইডিপি-এর আওতায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ জুলাই) ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট), কুড়িগ্রাম প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস, কুড়িগ্রাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ শফিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার জনাব রেহেনুমা তারান্নুম।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতায় এগিয়ে যেতে এমন উৎসাহব্যঞ্জক পুরস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে, যার বাস্তব প্রতিফলন এই বৃত্তি কার্যক্রম।

পরে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে নব উদ্দীপনা ও শিক্ষার প্রতি গভীর আগ্রহ সঞ্চার হয় বলে জানান সংশ্লিষ্টরা।

Share With