কুড়িগ্রামে শহিদ আশিক মেমোরিয়াল স্ট্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

২০২৪ সালের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত পাঁচপীর ডিগ্রি কলেজ, উলিপুর এর ছাত্র আশিকুর রহমান আশিকের স্মৃতিকে অম্লান রাখতে নির্মিত হচ্ছে ‘শহিদ আশিক মেমোরিয়াল স্ট্যাম্প’। বুধবার (৩০ জুলাই) বিকেলে কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া এলাকায় এ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উল্লেখ্য, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঘোষপাড়ায় অনুষ্ঠিত বিক্ষোভে আশিক নির্মমভাবে সরকারদলীয় গুন্ডাদের হামলার শিকার হন। আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার স্মৃতিকে সম্মান জানিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও কুড়িগ্রাম জেলা পরিষদের যৌথ তত্ত্বাবধানে এই স্মারক নির্মাণ করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন এলজিইডি কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং ছাত্র সংগঠনের নেতা আব্দুল আজিজ নাহিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থেকে শহিদ আশিকের আত্মত্যাগকে স্মরণ করেন।

অনেকে আশাবাদ ব্যক্ত করেন, এই মেমোরিয়াল স্ট্যাম্প পরবর্তী প্রজন্মকে গণতান্ত্রিক চেতনায় অনুপ্রাণিত করবে এবং কুড়িগ্রামের রাজনৈতিক ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে স্থান করে নেবে।

Share With