ধরলা সেতুতে সড়ক দুর্ঘটনা কেড়ে নিল দুই ভাইয়ের প্রাণ

কুড়িগ্রামে ধরলা সেতুর ওপর ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ধরলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুড়িগ্রাম সদর উপজেলার কাচিচর এলাকার নুর ইসলামের ছেলে খালিদ (২১) ও আফছারের ছেলে ফারুক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খালিদ ও ফারুক সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। তারা মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে ধরলা সেতুর ওপর পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে রংপুরে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। বাসটি এখনো আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share With