মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক অসংগতি ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ, অসহায় মানুষের সহযোগিতা, বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় নিয়ে কুড়িগ্রামে ‘প্রজন্ম’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলার সদর উপজেলার ঘোগাদহ ও ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যবর্তী গোপালের খামার (বকুলতলা) বাজারে সংগঠনটির আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন গোপালের খামার সৃজনশীল কোচিং সেন্টারের পরিচালক ও প্রথম আলো চর আলোর পাঠশালার সহকারী শিক্ষক মো. আবু জাকারিয়া হোসাইন, কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক মো. আতাউর রহমান, জোত গোবর্ধন দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাসান রানা, কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার মো. মোস্তাক আহমেদ মিলু, কাশিপুর ডিগ্রি কলেজের প্রভাষক মো. বেলাল হোসেন সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সভায় বক্তারা বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তনে তরুণদের এগিয়ে আসতে হবে। পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মাদক, জুয়া ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে সচেতনতা তৈরিতে তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা ‘প্রজন্ম’ সংগঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সংগঠনটির সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় সংগঠনটির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত তরুণরা এলাকার মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও অত্র এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ‘প্রজন্ম’ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।