ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় একটি বাড়ির পাশ থেকে প্রায় ১০ থেকে ১১ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিলখুড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাজিয়ারচর গ্রামের মো. কেসমত আলীর বাড়ির পাশ থেকে গাঁজা গাছটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, কাজিয়ারচর বিজিবি চেকপোস্টের কাছেই কেসমত আলীর বাড়ির অবস্থান। ওই বাড়ির পাশে গাঁজা গাছটি বেশ বড় হয়ে উঠেছিল। পরে বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সেখানে অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করে। 

এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শিলখুড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাজিয়ারচর এলাকায় বিজিবি চেকপোস্টের পাশে কেসমত আলীর বাড়ির কাছ থেকে গাঁজা গাছটি উদ্ধার করা হয়েছে। 

ইউএনও আরও জানান, কেসমত আলীর ছেলে মো. মতিন গাঁজা সেবন করতেন বলে জানা গেছে। তবে অভিযান পরিচালনার সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা জরিমানা করা হয়নি। উদ্ধার করা গাঁজা গাছটির উচ্চতা প্রায় ১০ থেকে ১১ ফুট বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *