৪৯তম বিসিএসে সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই কুড়িগ্রামের আব্দুল্লাহ আল মামুন বেলালের

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলে সমাজকল্যাণ বিষয়ে প্রথম হয়েও গেজেটে নাম আসেনি কুড়িগ্রামের আব্দুল্লাহ আল মামুন বেলালের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। চূড়ান্ত ফলে ৬৬৮ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হলেও প্রকাশিত গেজেটে ৬১১ জনের নাম রয়েছে। ফলে বাদ পড়েছেন ৫৭ জন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়।

আব্দুল্লাহ আল মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী। ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলে সমাজকল্যাণ বিষয়ে তিনি প্রথম স্থান অর্জন করেন বলে জানা গেছে। তবে চূড়ান্ত গেজেটে তাঁর নাম পাওয়া যায়নি।

গেজেটে নাম না আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন মামুন। সেখানে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, গেজেট থেকে বঞ্চিত করার জন্য ধন্যবাদ। ৪৯তম বিসিএসে সমাজকল্যাণে ১ম হয়েও আমার গেজেটে নাম এলো না। জুলাইয়ে সক্রিয় ছিলাম। আমার অপরাধ কী বুঝতে পারলাম না। এটাই কী আমার অপরাধ? নিশ্চয়ই, আল্লাহ উত্তম ফয়সালাকারী।’

এর আগে ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছিল। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে চূড়ান্ত ফলে সাময়িকভাবে সুপারিশ পাওয়া ৬৬৮ জনের মধ্যে ৫৭ জন চূড়ান্ত গেজেটে স্থান পাননি।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *