কুড়িগ্রামে কিশোরীকে ধর্ষণচেষ্টা, আত্মরক্ষায় ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কাটার চেষ্টা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী বৃদ্ধ মকবুল হোসেনের বিরুদ্ধে। এসময় আত্মরক্ষার্থে কিশোরী ব্লেড দিয়ে ওই ব্যক্তির পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করে।

এ ঘটনায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খড়িবাড়ী শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর বাবা মো. হাসমত আলী রাত ৯টার দিকে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মকবুল হোসেন বাড়ির পাশে বাড়ি হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে কিশোরীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। বিষয়টি পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ও তার স্বজনদের জানিয়ে সতর্ক করা হয়।

অভিযোগে আরো বলা হয়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে অভিযুক্ত ব্যক্তি কিশোরীর বাড়িতে গিয়ে তাকে কয়েকটি শ্যাম্পু দিয়ে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। কিশোরী তা প্রত্যাখ্যান করলে রাতে তাকে জোরপূর্বক ধর্ষণ করার হুমকি দিয়ে তিনি চলে যান। পরে সন্ধ্যা ৭টা দিকে কিশোরীর দাদি ঘরে নামাজ আদায় করার সময় অভিযুক্ত ব্যক্তি বাড়িতে প্রবেশ করেন।

একপর্যায়ে তিনি কিশোরীকে জাপটে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা করেন এবং মুখ চেপে ধরেন। এসময় কিশোরী আত্মরক্ষার জন্য ঘরে পড়ে থাকা একটি পুরোনো ব্লেড দিয়ে অভিযুক্ত বৃদ্ধের লিঙ্গ কাটার চেষ্টা করলে তিনি আহত হন। পরে তিনি চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ। ঘটনাটি এলাকায় জানাজানি হলে মুহূর্তের মধ্যেই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

অভিযোগকারী বুধবার রাতেই ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে অভিযুক্ত আহত ব্যক্তির খোঁজ নিতে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে সেখানে তার চিকিৎসা নেওয়ার তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয় আব্দুর রহমানসহ একাধিক ব্যক্তি জানিয়েছেন, আহত ওই ব্যক্তি গোপনে লালমনিরহাট অথবা রংপুরের কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারেন। তাদের দাবি, ঘটনাস্থলে প্রচুর রক্তের দাগ দেখা যাওয়ায় ধারণা করা হচ্ছে, তিনি গুরুতর আহত হয়েছেন। তবে তার বর্তমান অবস্থান ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে ফুলবাড়ী থানার ডিউটি অফিসার এসআই ইকবাল হোসেন জানান, ঘটনায় কিশোরীর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করে বৃহস্পতিবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *