কুড়িগ্রামে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

কুড়িগ্রামের রাজারহাটে ইলেকট্রিক করাত দিয়ে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব মিয়া (৩৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব উপজেলার মেকুরটারী গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে চাকিরপশার ইউনিয়ন পরিষদের সামনে ইলেকট্রিক করাত দিয়ে গাছ কাটার কাজ করছিলেন বিপ্লব। এ সময় হঠাৎ একটি বিদ্যুতের তার করাতের সঙ্গে পেঁচিয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগে পথেই তার মৃত্যু হয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *