৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ পড়া কুড়িগ্রামের আব্দুল্লাহ আল মামুন বেলাল গেজেটভুক্ত

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফলে সমাজকল্যাণ বিষয়ে প্রথম হয়েও প্রথম দফার গেজেটে নাম না থাকা কুড়িগ্রামের আব্দুল্লাহ আল মামুন বেলাল গেজেটভুক্ত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়ে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষে গেজেটেড হলাম।’

পোস্টে তিনি নতুন করে গেজেট প্রকাশের জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তাঁর বিষয়টি নিয়ে লেখালেখি করা সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এর আগে ৩০ সেপ্টেম্বর প্রকাশিত ৪৯তম বিসিএসের গেজেটে ৬১১ জনের নাম থাকলেও চূড়ান্ত ফলে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ পাওয়া ৬৬৮ জনের মধ্যে ৪৬ জনের নাম ছিল না। তাদের একজন ছিলেন কুড়িগ্রামের আব্দুল্লাহ আল মামুন বেলাল।

মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফলে সমাজকল্যাণ বিষয়ে তিনি প্রথম স্থান অর্জন করেন।

Share With