কুড়িগ্রাম সরকারি কলেজে দুই দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন

স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কুড়িগ্রাম সরকারি কলেজে দুই দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাঁধন, কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিট, রংপুর জোনের উদ্যোগে গতকাল সোমবার (১২ অক্টোবর) শুরু হওয়া এ কার্যক্রম আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) শেষ হয়।

এ কার্যক্রমের আওতায় উচ্চমাধ্যমিক (এইচএসসি) ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব, রক্তদানের উপকারিতা এবং রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। রক্তের গ্রুপ জানা ও রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির মাধ্যমে জরুরি প্রয়োজনে রক্তের সংকট মোকাবিলায় শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মন্ডল, বাঁধন কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিট, রংপুর জোনের শিক্ষক উপদেষ্টা মো. সাইফুর ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শহিদুল ইসলাম এবং কলেজের গ্রন্থাগারিক মো. সাইদুর রহমান।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের মানসিকতা গড়ে তোলার পাশাপাশি মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share With