কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটির ৭১ সদস্যের জেলা কমিটি গঠন

কুড়িগ্রামে লেখক, বুদ্ধিজীবী, কবি, শিল্পী, সাহিত্যিক, মানবাধিকারকর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের ঐক্যবদ্ধ করে পেশাগত মানোন্নয়ন এবং আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘কুড়িগ্রাম শিল্পী কল্যাণ সোসাইটি’। এ উপলক্ষে ৭১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সহকারী অধ্যাপক ও জেলা প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম অনিরুদ্ধ রেজাকে সভাপতি, বিশিষ্ট সংগীতশিল্পী মো. আজাদ আলীকে সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট মানবাধিকারকর্মী ও সমাজসেবক জুলফিকার আলী আহমেদ লিপনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কুড়িগ্রাম-চিলমারী সড়কসংলগ্ন জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংগঠনের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ কমিটি ঘোষণা করা হয়।

অরাজনৈতিক এ সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আলতাফ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও লেখক-গবেষক রফিকুল হায়দার, শিক্ষক ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের কুড়িগ্রাম জেলা সভাপতি মো. রফিকুল ইসলাম রানা, শিল্পপতি রেজাউল কবীর রানু, শিল্পপতি আতাউর রহমান আতা, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক শামসুল ইসলাম সুমন, সংগীতশিল্পী আলমগীর প্রধান এবং সমাজসেবক ও এনজিও কর্মী মোছা. আলেয়া খাতুন।

সংগঠনের অন্যতম উপদেষ্টা মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে কমিটি ঘোষণা শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম এবং শিল্পী-সাহিত্যিকদের পেশাগত ও সামাজিক অবস্থার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

Share With