সাইকেলে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কা, মাদরাসাছাত্রের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সোয়া ১২টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) মারা যায়।

শাহীন আলম ফুলবাড়ী সদর ইউনিয়নের কুঠিরচন্দ্রখানা নাখারজান গ্রামের কাশেম আলীর ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেলে করে গঙ্গারহাট বাজার থেকে বাড়ি ফিরছিল শাহীন। পথে গঙ্গারহাট মোহরটারী হাফিজিয়া মাদরাসার কাছে পৌঁছালে একটি অ্যাম্বুলেন্স অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে তার সাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগ করেছে তার সহপাঠীরা।

পরে বন্ধুরা শাহীনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে পাঠানো হয়। পরে রংপুরের বেসরকারি ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় জানায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share With