কুড়িগ্রামে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এসএসসি ১৯৮৬ বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার পাঁচ শতাধিক বন্ধু অংশ নেন।
শুক্রবার (৬ নভেম্বর) কুড়িগ্রাম টাউন হল অডিটোরিয়াম চত্বরে এসএসসি ১৯৮৬ সালে উত্তীর্ণ নিবন্ধিত পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মিলনমেলার আয়োজন করা হয়।
এসএসসি ১৯৮৬ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি শাহিনুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন এসএসসি ১৯৮৬ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী সিরাজুল ইসলাম, সহসভাপতি গাজী কামাল, বসুন্ধরা জোনের সভাপতি শওকত হোসেন, সাংবাদিক, লেখক ও কলামিস্ট ফসিউদ্দিন মাহতাব প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএসসি ১৯৮৬-এর বন্ধু আব্দুল ওয়াদুদ ও নাসরিন নাহার পাপড়ি। স্বাগত বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক এরশাদুল হক।
দিনভর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১৯৮৬ সালের বন্ধুদের পদচারণায় মুখর ছিল কুড়িগ্রাম টাউন হল চত্বর। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন রাজধানী ঢাকার বিভিন্ন জোনের পাশাপাশি গাজীপুর, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, সিরাজগঞ্জ, জয়পুরহাট, পঞ্চগড়, রংপুর ও স্বাগতিক কুড়িগ্রাম জেলার বন্ধুরা।
এসএসসি ১৯৮৬ কুড়িগ্রাম জেলা বন্ধু মিলনমেলার কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বন্ধু পরিচিতি পর্ব, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র।