কুড়িগ্রামে গত ৪৮ ঘণ্টায় ধারাবাহিক বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে কুড়িগ্রাম ২২ বিজিবি। এসব অভিযানে একজন আসামিকেও আটক করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) কুড়িগ্রাম ২২ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট, মদ, গবাদিপশু, প্যান্টের কাপড়, কারেন্ট জাল, ওষুধ, সার ও কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত অপরাধ দমন, মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে চোরাচালানবিরোধী অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।