যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে উপজেলার প্রধান সড়কগুলো।
সোমবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি উপজেলার সাদ্দাম মোড় হতে শুরু হয়ে র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। র্যালি শেষে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মোফাখারুল ইসলাম রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসান হাফিজুর রহমান লিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন (বাবু), উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মিজানুর রহমান (মিন্টু), সদস্য সচিব মো. মাইদুল ইসলাম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হাসান সোহেল (মনা) সাবেক ছাত্রনেতা রোকনুজ্জামান রোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অধ্যায়। এ দিনের চেতনা থেকে শিক্ষা নিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ কর্মসূচিতে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে ভূরুঙ্গামারীতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির প্রকাশ ঘটান।