কুড়িগ্রাম সরকারি কলেজ আলো ছড়ানোর যাত্রায় কিছু না বলা বেদনা

বাংলাদেশের উত্তরাঞ্চলের বৈচিত্র্যময় ও দারিদ্র্যপীড়িত সীমারেখায় প্রায় ২২৫৫ বর্গকিলোমিটার এলাক জুড়ে কুড়িগ্রাম জেলার অবস্থান। পলিমাটির সহজ-সাদা মাটা মানুষের সাবলীল আচরণেই এ অঞ্চলের মাটি ও মানুষ যুগ যুগ ধরে পরিচিত।

রংপুরের ঐতিহাসিক কৃষক বিদ্রোহের এই উর্বরভূমিতেই জন্ম নিয়েছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। তাঁর বিখ্যাত নাটক ‘নুরুলদীনের সারাজীবন’-এর সেই অমর পঙ্‌ক্তি— “জাগা বাহে কুন্ঠে সবায়!” কিংবা কালের আবর্তনে ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীনের কণ্ঠে মিশে থাকা “ও কি গাড়িয়াল ভাই, হাকাও গাড়ি তুই চিলমারির বন্দর রে…”—এই গানগুলো বাংলাদেশের ইতিহাসে এক অনন্ত মহাকাল ধরে দীপ্তিমান।

১৯৮৪ সালের ২৩ জানুয়ারি জেলা হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকেই বঞ্চনার ইতিহাসকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে আসছে কুড়িগ্রাম। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, নানা প্রতিকূলতায় এটি দেশের অন্যতম দরিদ্র জেলার তালিকায় বারবার স্থান পেয়েছে। এরপরেও চির উন্নত মম শির বলিয়ান হয়ে এই জনপদে গড়ে উঠছে নতুন কৃষ্টি-কালচার, যুক্ত হচ্ছে বিভিন্ন স্থাবর-অস্থাবর উন্নয়ন প্রকল্প এবং বাস্তবায়িত হচ্ছে নানা জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগ।

কিন্তু একটি বিষয় দিবালোকের মতো স্পষ্ট—একতলা ঘর থেকে দ্বিতীয় তলায় উঠতে যেমন সিঁড়ির প্রয়োজন হয়, তেমনি একটি জনপদকে সার্বিক অগ্রগতির পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান। আর ঠিক এখানেই আমাদের মূল আলোচনার কেন্দ্রবিন্দু।

২২৫৫ বর্গকিলোমিটারের এই আবাসভূমিতে বসবাসরত প্রায় ২৫ লাখ মানুষের ভাগ্য পরিবর্তনে কুড়িগ্রাম সরকারি কলেজ তার সর্বস্ব দিয়ে নিরলসভাবে এগিয়ে চলেছে। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি সূর্যোদয়ের মতো জন্মলগ্ন থেকেই আলো ছড়িয়ে এই জেলাকে পথ দেখাচ্ছে। এরই ফলস্বরূপ, আজ এ কলেজের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছে। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রথম স্থান অর্জন থেকে শুরু করে এই জেলায় সর্বোচ্চ সংখ্যক দক্ষ ও কর্মঠ মানুষ তৈরির আঁতুড়ঘর হিসেবে কলেজটি মুন্সিয়ানা দেখিয়ে আসছে।

বর্তমানে এই কলেজে ৪টি অনুষদের অধীনে ১৪টি স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো, এখানে অনুমোদিত ৮৯টি পদের বিপরীতে প্রায় ২৮টি পদই শূন্য। ১৮ থেকে ২০ হাজার শিক্ষার্থীর বিশাল এই বহরের বিপরীতে একাডেমিক ভবনের সংখ্যা মাত্র ৫টি; যার সিংহভাগ জুড়ে বছরের দীর্ঘ সময় ধরে চলে বিভিন্ন পাবলিক পরীক্ষা। ফলে চরম স্থান সংকুলান ও শিক্ষক স্বল্পতার মধ্য দিয়েই চলছে প্রাতিষ্ঠানিক কার্যক্রম।

নেপোলিয়ন বোনাপার্ট একবার বলেছিলেন, “আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব।” কিন্তু এখানে পাঠকদের একটি গভীর বিষয়ের মুখোমুখি হতে অনুরোধ করছি—ধরে নিন, একজন মা অত্যন্ত শিক্ষিত হওয়া সত্ত্বেও জন্মগতভাবে কথা বলতে পারেন না। তবে যতই শিক্ষিত হোন না কেন, সেই মায়ের পক্ষে সন্তানকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে বেগ পেতে হবে—এটাই স্বাভাবিক।

এখানে আমরা কুড়িগ্রাম সরকারি কলেজকে সেই ‘মায়ের’ সাথে এবং কলেজটির নানামুখী অবকাঠামোগত ও প্রশাসনিক সংকটকে মায়ের ‘কথা বলতে না পারার অপারগতা’ হিসেবে তুলনা করতে পারি। রাষ্ট্র আমাদের একজন শিক্ষিত মা দিয়েছে, কিন্তু সেই মা আজ নানাবিধ সংকটে ঠিকভাবে গড়ে তুলতে অপারগ।

অথচ এই সীমাবদ্ধতার মাঝেই কলেজটির সাম্প্রতিক অর্জনগুলো শুনলে গা শিউরে ওঠে। গোটা জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সুযোগ প্রাপ্তি, উচ্চমাধ্যমিক পর্যায়ে প্রায় শতভাগ পাসের গৌরব এবং ১৭তম ও ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় দেশসেরা শিক্ষক তৈরিতে এই প্রতিষ্ঠানের অবদান মোটেও কম নয়।

এবার একটু ভেবে দেখুন—যদি এই ‘মা’ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও অবকাঠামো পেয়ে সম্পূর্ণরূপে সুস্থ ও সবল হয়ে উঠতেন, তবে কুড়িগ্রামের শিক্ষাঙ্গন ও মানবসম্পদ আজ কোথায় গিয়ে পৌঁছাত!

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *