কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্কায় কৃষক

কুড়িগ্রাম সদর, রাজারহাটসহ জেলার বিভিন্ন এলাকায় রাতের বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শিলাবৃষ্টি হয়েছে। এতে মাঠে থাকা রোপা আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। বিশেষ করে যেসব জমির ধান পাকতে শুরু করেছে, সেসব ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এসব এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় দুই থেকে তিন মিনিট স্থায়ী ছিল শিলাবৃষ্টি। এ সময়ে এমন বৃষ্টি ও শিলাবৃষ্টি হবে, তা তারা কল্পনাও করেননি।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, হঠাৎ করেই রাতে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মাঠে উঠতি আমন ধান রয়েছে। এতে কী পরিমাণ ক্ষতি হয়, সেই চিন্তায় আছি।

একই এলাকার আরেক আমনচাষি সামছুল হক বলেন, আমার কয়েক বিঘা জমির ধান পাকতে শুরু করেছে। ঠিক এই সময় শিলাবৃষ্টি হলো। এতে ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। অনেক টাকা খরচ করে আবাদ করেছি। এমন দুর্যোগের মুখে পড়লে আমরা কীভাবে বাঁচব?

এ বিষয়ে জানতে কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে শিলাবৃষ্টির পরিমাণ ও বৃষ্টিপাতের সুনির্দিষ্ট তথ্য জানা সম্ভব হয়নি।

রাত হওয়ার কারণে কৃষি বিভাগের কোন কর্মকর্তারও বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলায় ১ লক্ষ ২১ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *