কুড়িগ্রামের কুঁড়ি টাওয়ার ঘোষণার আজ ঐতিহাসিক ৯ মাস ৩ দিন পূর্ণ হলো। কাজের কাজ শূন্য,

গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ দেশে অনুষ্ঠিত হয়ে গেল বহুল আলোচিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু এই নির্বাচন ঘিরে দেশজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আশা-প্রত্যাশার সঞ্চার হয়েছিল।

সারা দেশের ন্যায় উত্তরের জেলা কুড়িগ্রামেও ছিল নির্বাচনী আমেজ। এই নির্বাচনে কুড়িগ্রাম-২ আসন থেকে ১১ দলীয় ঐক্যজোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পান দলটির যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ। দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

তরুণ এই রাজনীতিক পূর্বে সরাসরি সক্রিয় রাজনীতিতে না থাকলেও ৫ আগস্ট-পরবর্তী নতুন ধারার রাজনীতির বার্তা দিয়ে জেলার তরুণ সমাজকে বেশ আকৃষ্ট করতে সক্ষম হন। নির্বাচনী তফসিল ঘোষণার পর ব্যতিক্রমী প্রচারণার মাধ্যমে তিনি ভোটারদের নজর কাড়েন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

নির্বাচনের ঠিক আগমুহূর্তে অর্থাৎ গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ২টায় কুড়িগ্রাম জেলা দলীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি জেলার উন্নয়নে বেশ কিছু উচ্চাভিলাষী পরিকল্পনার কথা তুলে ধরেন।

সেদিন গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ড. আতিকুর রহমান মুজাহিদ বলেছিলেন, “কুড়িগ্রামে যেহেতু গর্ব করার মতো তেমন কিছু নেই, তাই আমাদের একটি হাই-অ্যাম্বিশাস প্রজেক্ট হচ্ছে ‘কুড়িগ্রামের কুঁড়ি টাওয়ার’। ২০ তলা বিশিষ্ট এই ভবনের একেকটি ফ্লোরে একেক ধরনের সুবিধা থাকবে। সাংবাদিকদের জন্য একটি ফ্লোর, জেলার ইতিহাস-ঐতিহ্যের জন্য একটি, খেলাধুলা বা স্পোর্টসের জন্য একটি এবং টপ ফ্লোরে একটি রুফটপ রেস্টুরেন্ট হতে পারে। এছাড়া বিদেশিরা এসে যেন থাকতে পারেন, সেজন্য ভালো মানের দুটি স্পেশাল আবাসিক হোটেল ফ্লোরও রাখা যেতে পারে। পাশাপাশি আরেকটি বিশেষ পরিকল্পনা হলো—আমরা কুড়িগ্রামে ‘কুঁড়ি পার্লামেন্ট’ গড়ে তুলতে চাই।”

তবে সেই ঐতিহাসিক ঘোষণার পর দীর্ঘ ৯ মাস ৩ দিন পেরিয়ে গেলেও বহুল আলোচিত এই ‘কুঁড়ি টাওয়ার’ প্রকল্পের দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো চোখে পড়েনি।

এ বিষয়ে বর্তমান সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “এই প্রজেক্ট সম্পর্কে ইতোমধ্যে বিভিন্ন জায়গায় কথা বলা হয়েছে এবং সংশ্লিষ্ট অনেকের সাথেই এই পরিকল্পনা শেয়ার করা হয়েছে। আমরা আশাবাদী, খুব দ্রুতই এ বিষয়ে ভালো কোনো খবর দিতে পারব।”এবং ইতোমধ্যেই কুড়ি পার্লামেন্টর ৩ টি সেশন সফলভাবেই শেষ করেছি

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *