শিক্ষক বদলি-স্থগিতাদেশের টানাপোড়েনে আটকে আছে ১২ শিক্ষকের কর্মজীবন

কুড়িগ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও সেই বদলির আদেশ স্থগিত করা নিয়ে প্রশাসনিক টানাপোড়েনে পড়েছেন ১২ জন সহকারী শিক্ষক। প্রায় দেড় মাসের বেশি সময় ধরে নতুন কর্মস্থলে পাঠদান ও দায়িত্ব পালন করার পর হঠাৎ বদলির আদেশ স্থগিতের খবর সামনে আসায় তৈরি হয়েছে জটিলতা। এ নিয়ে শিক্ষক ও প্রাথমিক শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। অনিশ্চয়তার পাশাপাশি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

এ ঘটনায় গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) শিক্ষকদের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডেকে সতর্ক করার সময় অসদাচরণের অভিযোগ উঠেছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বদলি-সংক্রান্ত কমিটির সদস্য সচিব মো. মাহমুদুল হাসানের বিরুদ্ধে। শিক্ষকদের অভিযোগ, তাঁদের কার্যালয়ে ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিরূপ আচরণ করা হয়েছে। তবে ইউএনওর দাবি, বদলির আদেশ স্থগিতের বিষয়টি জানার পরও নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করায় শিক্ষকদের ডেকে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষকদের দাবি, বিধি অনুযায়ী আবেদন করার পর যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে বদলির আদেশ দেওয়া হয়। সেই আদেশের ভিত্তিতেই তাঁরা নতুন কর্মস্থলে যোগদান করেন। যোগদানের পর নিয়মিত হাজিরা দেওয়া ও পাঠদান কার্যক্রমও চালিয়ে আসছিলেন। কিন্তু স্থগিতাদেশের বিষয়ে তাঁদের আনুষ্ঠানিকভাবে কোনো লিখিত কপি দেওয়া হয়নি। এমনকি মৌখিকভাবেও সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তারা তাঁদের বিষয়টি জানাননি বলে দাবি শিক্ষকদের।

কুড়িগ্রাম সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে বদলির জন্য আবেদন করেছিলেন ৪৩ জন শিক্ষক। আবেদন যাচাই-বাছাই শেষে গত ২৯ সেপ্টেম্বর বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণবিষয়ক কমিটি ১২ জন সহকারী শিক্ষককে বদলির আদেশ জারি করে। তবে আদেশের চিঠি শিক্ষকদের হাতে পৌঁছায় ৩০ সেপ্টেম্বর সন্ধ্যার পর। পরদিন ১ অক্টোবর তাঁরা যোগদানপত্র জমা দিয়ে নতুন কর্মস্থলে যোগ দেন।

এরপর নিয়মিত হাজিরা দেওয়া ও পাঠদান কার্যক্রম চললেও প্রায় ১৩ দিন পর বদলির আদেশ স্থগিতের খবর ছড়িয়ে পড়ে। শিক্ষকদের দাবি, স্থগিতাদেশের চিঠি ৩০ সেপ্টেম্বর ইস্যু করা হলেও তাঁদের বিষয়টি জানানো হয় অনেক পরে। ১৩ অক্টোবর প্রধান শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই চিঠি প্রকাশ করা হয়। কিন্তু সংশ্লিষ্ট ১২ শিক্ষক কেউই সরাসরি স্থগিতাদেশের কপি পাননি। ফলে স্থগিতাদেশের কার্যকারিতা ও নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের বিষয়ে তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্কুল পরিদর্শক জানান, বদলির আদেশ স্থগিত হওয়ার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট শিক্ষকদের স্বয়ংক্রিয়ভাবে আগের কর্মস্থলে ফিরে যেতে হবে। এ বিষয়ে মাঠপর্যায়ে বিভিন্ন ধরনের পরামর্শ ছড়িয়ে পড়ায় শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।

শিক্ষকদের অভিযোগ, বদলির আদেশ স্থগিতের বিষয়টি তাঁদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ইউএনও কার্যালয়ে ডেকে তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়। তাঁরা আশা করেছিলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে। কিন্তু উল্টো তাঁদের বিরুদ্ধে অভিযোগ তুলে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তাঁদের দাবি, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে যেন তাঁদের ওপর অন্যায় করা না হয়।

এ বিষয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা সহকারী শিক্ষক ফারুক হোসেন বলেন, ‘শুধু আমি কেন, ১২ জনের সবাই নতুন কর্মস্থলে নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করে আসছি। বদলির আদেশ স্থগিতের খবর কর্মস্থলে যোগদানের অনেক পরে লোকমুখে জানতে পারি। কোনো হার্ডকপি আমাদের হাতে দেওয়া হয়নি। পরে প্রধান শিক্ষকদের গ্রুপে স্থগিতাদেশের চিঠি দেখতে পাই। সেখানে দেখি, ৩০ সেপ্টেম্বর চিঠিটি ইস্যু করা হয়েছে। অথচ সেটি আমাদের নজরে আসে ১৩ অক্টোবর। আমাদের টিও বা এটিও কেউ বিষয়টি মৌখিক কিংবা লিখিতভাবে জানাননি। যাচাই-বাছাই ও নিষ্পত্তিকরণবিষয়ক কমিটির মাধ্যমে আমরা বদলির আদেশ পেয়েছি। শিক্ষা অফিস আমাদের যোগদানপত্র গ্রহণ করেছে। এখন সেই বিষয়টি অস্বীকার করা হচ্ছে। আমরা চাই না, কোনো রাজনৈতিক গোষ্ঠী কিংবা ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য আমাদের ওপর অন্যায় করা হোক।’

এ বিষয়ে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটি সংগীতানুষ্ঠানে আছি। এ মুহূর্তে কোনো কিছু বলতে পারব না।’ তবে বদলিকৃত ১২ শিক্ষকের যোগদানপত্র গ্রহণ করেননি বলে জানান তিনি।

অন্যদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ‘মৌখিকভাবে বদলির আদেশ স্থগিত করার পর লিখিত আদেশও জারি করা হয়েছিল। এ ছাড়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ১২ শিক্ষককে মৌখিকভাবে বিষয়টি অবগত করেছেন।’

তিনি আরও বলেন, ‘স্থগিতাদেশের বিষয়টি জানার পরও কেন ওই ১২ শিক্ষক আগের বিদ্যালয়ে ফিরে যাননি, তা জানতে তাঁদের কার্যালয়ে ডাকা হয়েছিল। আগামী রবিবার তাঁদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। একই সঙ্গে আগের বদলির আদেশে কিছু অসংগতি পরিলক্ষিত হওয়ায় নতুন আদেশ জারির বিষয়ে কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *