কুড়িগ্রামে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শেষ, লিখিত পরীক্ষায় অংশ নেবেন ৬৬০ জন

কুড়িগ্রামে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের তিন দিনব্যাপী কার্যক্রম শেষ হয়েছে। রোববার (১৫ নভেম্বর) কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে তৃতীয় ও শেষ দিনের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে শারীরিক সক্ষমতা পরীক্ষায় (পিইটি) উত্তীর্ণ হয়েছেন ৬৬০ জন প্রার্থী।

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে অক্টোবর-২০২৬ নিয়োগের অংশ হিসেবে আয়োজিত এদিনের পরীক্ষায় প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা শারীরিক সক্ষমতার বিভিন্ন ইভেন্টে অংশ নেন। এর মধ্যে পুরুষ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার এবং নারী প্রার্থীদের ১ হাজার মিটার দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাছাই কার্যক্রম শেষে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম উত্তীর্ণ প্রার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে আগামী লিখিত পরীক্ষায় ভালো ফলাফলের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় প্রার্থী ও অভিভাবকদের প্রতারক ও দালালদের বিষয়ে সতর্ক করে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ এবং বহুস্তরীয় মনিটরিংয়ের মাধ্যমে সম্পন্ন হয়। তাই নিয়োগের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা চক্রের প্রলোভনে পড়ে প্রতারিত না হওয়ার জন্য সবাইকে সচেতন থাকতে হবে। কেউ চাকরির প্রলোভন দেখালে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ ৬৬০ জন প্রার্থী আগামী ২৫ নভেম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *