“আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, আজকের এই দিনে সাইদ তোমায় মনে পড়ে”—এমন নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকা। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় কুড়িগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর মাওলানা মতীন ফারুকির নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেনসহ যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “জুলাইয়ের চেতনা কখনো মুছে যাওয়ার নয়। গণঅভ্যুত্থানের এ চেতনাকে ধারণ করে আগামী দিনের বাংলাদেশ গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রত্যয় অটুট।”
তারা আরও বলেন, “আবু সাইদদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। আমরা তাদের স্মরণ করে এই পথচলা অব্যাহত রাখবো।”
মিছিল শেষে নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।