কুড়িগ্রামের উলিপুরে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ বাহাদুর রবিদাস ওরফে বাচ্চু (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা এলাকায় এ অভিযান চালায় কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গ্রেপ্তার বাহাদুর রবিদাসের বসতবাড়ির রান্নাঘর থেকে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল Officer’s Choice ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাহাদুর রবিদাস উত্তর বালাডোবা এলাকার মৃত হিরালাল রবিদাসের ছেলে।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় উলিপুরে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।