শীতের আগমনে দেশের বিভিন্ন অঞ্চলে আসতে শুরু করে নানা প্রজাতির পরিযায়ী পাখি। এর মধ্যে রয়েছে হিমালয়ান গৃধিনী শকুনসহ বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা এসব পাখির অনেক সময় ক্লান্তি, অসুস্থতা কিংবা খাবারের অভাবে দুর্বল হয়ে পড়ার ঘটনা ঘটে। এমন অবস্থায় কোনো পাখি চোখে পড়লে সেটিকে বিরক্ত না করা, আঘাত না করা কিংবা হত্যা না করে উদ্ধারে সহযোগিতার আহ্বান জানিয়েছেন বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা।
কুড়িগ্রাম জেলায় কোথাও অতিথি পাখি, শকুন কিংবা অন্য কোনো বন্যপ্রাণী অসুস্থ, আহত বা বিপদগ্রস্ত অবস্থায় দেখা গেলে সেটিকে নিজ উদ্যোগে ধরার চেষ্টা না করে ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’ (WSRTBD)-এর স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সংগঠনটির স্বেচ্ছাসেবক মাহমুদুল হাসান জানান, গত বছর কুড়িগ্রামের ফুলবাড়ী, সুকানদিঘী (ভিতরবন্দ), নুনখাওয়া ও পাটেশ্বরীর বটতলা এলাকা থেকে কয়েকটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছিল। শীত মৌসুমে পরিযায়ী পাখি ও বন্যপ্রাণীর নিরাপত্তায় স্থানীয়দের সচেতনতা এবং সহযোগিতা জরুরি।
তিনি আরও জানান, সংগঠনটির স্বেচ্ছাসেবীরা দেশের বিভিন্ন জেলায় সাপসহ নানা প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার ও সুরক্ষায় কাজ করে থাকেন।
বন্যপ্রাণী উদ্ধার ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে মাহমুদুল হাসানের সঙ্গে। তিনি ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’ (WSRTBD)-এর স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন।
যোগাযোগ: মাহমুদুল হাসান
স্বেচ্ছাসেবক, WSRTBD
মোবাইল: ০১৭৭১৯৮৮৯৮৫।