কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটে র‍্যাগ ডে উদ্‌যাপন

কুড়িগ্রামের উৎসর্গ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউটে আনন্দঘন পরিবেশে ২০২২-২৩ শিক্ষাবর্ষের চতুর্থ ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের র‍্যাগ ডে-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে।

অনুষ্ঠানে ফুল ও রঙিন বেলুনে সাজানো মঞ্চে কেক কাটার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এ সময় সাদা টি-শার্ট পরা শিক্ষার্থীরা একে অপরের শার্টে শুভেচ্ছাবার্তা ও স্মৃতিমাখা কথা লিখে দেন। কেউ সবুজ, কেউ গোলাপি পোশাকে সেজে অংশ নেন উৎসবে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান খোরশেদ আলম শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ভর্তির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নানা স্মৃতির কথা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য ও মঙ্গল কামনা করেন।

প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা ঈশা মাহমুদ শিক্ষার্থীদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত, শাসন ও অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন। পাশাপাশি তিনি তাদের আগামীর পথচলার জন্য শুভকামনা জানান।

এ সময় শিক্ষক-শিক্ষিকারা বিদায়ী শিক্ষার্থীদের জন্য দোয়া ও আশীর্বাদ করেন। শিক্ষার্থীরাও কলেজজীবনের হাসি-কান্না, আনন্দ-বেদনার নানা স্মৃতি তুলে ধরেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনব্যাপী আয়োজনে ছবি তোলা, গল্প, খুনসুটি ও স্মৃতিচারণে মেতে ওঠেন শিক্ষার্থীরা। আনন্দ-আড্ডার মধ্য দিয়ে একে অপরের সঙ্গে কাটানো দিনগুলোর স্মৃতি ধরে রাখার চেষ্টা করেন তারা। অনুষ্ঠানের শেষ পর্বে সবাই একে অপরের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *