জমি নিয়ে বিরোধ, ছেলের বিষক্রিয়ায় বাবার মৃত্যু কুড়িগ্রামে

কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের চিলকিরপাড় গ্রামে খাবারে বিষ মিশিয়ে পিতাকে হত্যার অভিযোগ উঠেছে তারই সন্তান ও পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও আরেক পুত্রও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে গত ৩১ জুলাই, বৃহস্পতিবার রাতে। স্থানীয় বাসিন্দা মহর উদ্দিন (৬৫) একই পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে তাঁকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই খাবার খেয়ে অসুস্থ হন তাঁর স্ত্রী মমিনা বেগম ও পুত্র মজিবর রহমান। বর্তমানে তারা দুজনই হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

নিহতের স্ত্রী মমিনা বেগম অভিযোগ করে বলেন, “আমি রান্না শেষ করে একটু বাইরে গেলে সেই সুযোগে আমার ছেলে মোজাম্মেল ও তার স্ত্রী মোসলেমা বেগম খাবারে বিষ মেশায়। আমরা তিনজনই সেই খাবার খাই।” তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

এদিকে নিহতের মেয়ে ফাতেমা অভিযোগ করে বলেন, তার বাবা সম্প্রতি তাকে ৪ শতাংশ জমি বিক্রির বায়না দেন এবং প্রাথমিকভাবে ১০ হাজার টাকা নেন। এই ঘটনা জানার পর মোজাম্মেল বাবার বাকি শত শতাংশ জমি এককভাবে দলিল করে নিতে চায়। কিন্তু মহর উদ্দিন এতে রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করেন তিনি।

নিহতের আরেক ছেলে মতিউর রহমানও এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

স্থানীয় বাসিন্দা মাওলানা গাজীউর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, “আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

Share With