‘ক্রীড়াচর্চার বিকল্প নেই, খেলোয়াড়দের সাফল্য পুরো জেলার গর্ব’: কুড়িগ্রামের জেলা প্রশাসক

জাতীয় পর্যায়ে কুস্তি ও কারাতে প্রতিযোগিতায় পদকজয়ী কুড়িগ্রামের কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার ২৩ নভেম্বর বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়াম সভাকক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান হয়।

​জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

​সংবর্ধনা অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় পর্যায়ের কুস্তি প্রতিযোগিতায় রাদিয়া আক্তার স্বর্ণপদক, রিয়া ও হাসানুর রৌপ্যপদক এবং রোজাইয়া আক্তার ব্রোঞ্জপদক অর্জন করেছেন সেই সাথে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থা রানার্স আপ হয়। এ ছাড়া কারাতে প্রতিযোগিতায় রাহি ও বর্ষণ স্বর্ণপদক এবং মুয়াদ ব্রোঞ্জপদক জিতেছেন।

​প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘কুড়িগ্রামের খেলোয়াড়েরা সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও জাতীয় পর্যায়ে যে সাফল্য দেখাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। এই পদকগুলো শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো জেলার জন্য গর্বের।’

​তিনি আরও বলেন, ‘তরুণদের খেলাধুলায় আরও সম্পৃক্ত করতে এবং তাদের প্রতিভা বিকাশে প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। মাদক ও নানা সামাজিক অসংগতি থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।’

​বক্তারা পদকজয়ী খেলোয়াড়দের এই সাফল্য ধরে রেখে ভবিষ্যতে আরও বড় পরিসরে নিজেদের মেলে ধরার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে কৃতী খেলোয়াড়দেরকে  পুরস্কৃত করা হয়।

Share With

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *