ধরলা নদীতে পানি বৃদ্ধি, স্থগিত ভোগডাঙ্গা পাটেশ্বরীর নৌকা বাইচ প্রতিযোগিতা

কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা পাটেশ্বরী বাজার সংলগ্ন ধরলা নদীতে আজ (৭ অক্টোবর) অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

তবে নদীর পানি বৃদ্ধি ও প্রতিকূল আবহাওয়ার কারণে আয়োজনটি স্থগিত করা হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার (০৬অক্টোবর) আয়োজক কমিটির পক্ষ থেকে প্রতিযোগিতা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

নৌকা বাইচ আয়োজক কমিটির সভাপতি ও ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ধরলা নদীর পানির স্রোত বেড়ে যাওয়ায় অংশগ্রহণকারী এবং দর্শনার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে নৌকা খেলাটি আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৪-৫ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

বিগত বছরের ন্যায় এবারের প্রতিযোগিতায়ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য দল অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। স্থগিতের ঘোষণায় স্থানীয়দের মাঝে হতাশা দেখা গেলেও, সবাই সিদ্ধান্তটিকে নিরাপত্তার স্বার্থে যৌক্তিক বলে মনে করছেন।

Share With