সমাজিক কর্মকাণ্ডে অবদানের জন্য কুড়িগ্রামে “যুব সংগঠক” সম্মাননা পেলেন সাজ্জাদ হোসাইন

সমাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ “যুব সংগঠক” সম্মাননা পেয়েছেন স্টুডেন্ট’স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসাইন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়।

জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জেলা যুব উন্নয়ন ভবনে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম. কুদরত-এ-খুদা এবং বিশেষ অতিথি ছিলেন সার্কেল এসপি মমিনুল ইসলাম।

সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক এম রশিদ আলী ও জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. মুকুল মিয়া।

আলোচনা সভায় বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম ও সেবা প্রাপ্তির পরিসংখ্যান তুলে ধরেন এবং এসব কার্যক্রমকে আরও গতিশীল করার দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে একজন সেবা প্রত্যাশীকে ৭৫ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়।

Share With