ফুলবাড়ীতে ইস্কাফসহ যুবক আটক, মাদকদ্রব্য ও বাইসাইকেল জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী ও লালমনিরহাটের আদিতমারী সীমান্তে পৃথক মাদকবিরোধী অভিযানে ভারতীয় গাঁজা, ইস্কাফ সিরাপ ও অন্যান্য চোরাচালানী মালামালসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) দুইটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ও দিনে পৃথক সময়ে অনন্তপুর ও মোগলহাট সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপি’র অধীন বালাবাড়ী ভাগুয়ার ভিটা এলাকায় বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ রাশেদুল হক (২৭) নামের এক চোরাকারবারিকে হাতেনাতে আটক করে। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বালাবাড়ি এলাকার আব্দুল মালেকের ছেলে। আটক আসামিকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, একই দিন লালমনিরহাটের আদিতমারী উপজেলার মোগলহাট বিওপির আওতাধীন কুমারটারী সীমান্ত এলাকায় বিজিবির আরেকটি টহল দল মাদক চোরাকারবারিদের গতিবিধি লক্ষ্য করে ধাওয়া দিলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৮.৯ কেজি ভারতীয় গাঁজা, ৩০০ পিস কোর্ড ক্রীম ট্যাবলেট এবং একটি সাইকেলসহ চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃত মাদক ও মালামালের বাজারমূল্য প্রায় ১,২৮,৩৫০/- টাকা। এর মধ্যে ভারতীয় গাঁজা ৮.৯ কেজি, ইস্কাফ সিরাপ ৩৩ বোতল, কোর্ড ক্রীম ৩০০ পিস এবং একটি সাইকেল রয়েছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,

“দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। মাদক বিরোধী কার্যক্রমে স্থানীয়দের সহযোগিতা অপরিহার্য। গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে।”

তিনি বিজিবি সদস্যদের সাহসিকতা ও কৌশলগত দক্ষতার প্রশংসা করে বলেন, “এই অভিযান মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

Share With