ফুলবাড়ীতে সৎ বাবার নৃশংসতা: পুকুরে ফেলে শিশুহত্যার চেষ্টা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬ বছরের এক শিশুকে হ*ত্যার উদ্দেশ্যে পুকুরে ফেলে দেন এক পাষণ্ড সৎ বাবা। ভাগ্যক্রমে এক পথচারীর তৎপরতায় প্রাণে বেঁচে যায় শিশু তাসিন। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৎ বাবা সারাদিন শিশুকে সাইকেলে করে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে যান। পরে রাতের অন্ধকারে রাস্তার পাশের একটি পুকুরে হ*ত্যার উদ্দেশ্যে ফেলে রেখে চলে যান তিনি। এ সময় একটি অটোরিকশার হেডলাইটের আলোতে পানিতে হাবুডুবু খেতে থাকা শিশুকে দেখতে পান এক পথচারী। তিনি দ্রুত পুকুরে নেমে শিশুটিকে জীবিত উদ্ধার করেন।

শিশুর নাম তাসিন (৬)। সে লালমনিরহাট জেলার সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে শত শত উৎসুক মানুষ ভিড় জমায়। সন্তানকে জীবিত অবস্থায় ফিরে পেয়ে শিশুটির মা কান্নায় ভেঙে পড়েন।

পুলিশ ও স্থানীয়রা জানান, উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে নিরাপদে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সৎ বাবাকে আটকের জন্য অভিযান চলছে।

Share With