কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অভিযান চালিয়ে ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে উপজেলার জামতলা মোড় এলাকায় চোরাকারবারি বলরাম চন্দ্র সাহার গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুনের নেতৃত্বে এসআই হারুনর রশীদসহ পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। তবে অভিযানের খবর টের পেয়ে ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহা বাড়ির পেছনের পথ দিয়ে কৌশলে পালিয়ে যান। পরে তার গোডাউন তল্লাশি করে ৯১৮ কেজি অবৈধ ভারতীয় বাসমতি চাল জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, জব্দকৃত বাসমতি চালগুলো উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি ও ভোটহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছিল। এসব চালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় পলাতক ব্যবসায়ী বলরাম চন্দ্র সাহার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন:
“মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। ভূরুঙ্গামারী উপজেলাকে মাদক ও চোরাচালানমুক্ত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”