আর্থিক সংকটে মেধাবী মেডিকেল শিক্ষার্থীর পাশে দাঁড়াল রাজারহাট উপজেলা প্রশাসন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মেধাবী শিক্ষার্থী মোঃ মারুফ হোসেন ঢাকা’র ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে মেধা তালিকায় উত্তীর্ণ হয়ে এক বিরল কৃতিত্ব অর্জন করেছে। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তার মেডিকেল কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়ে।
এমন সংকটময় পরিস্থিতিতে মোঃ মারুফ হোসেন আর্থিক সহযোগিতার জন্য রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান মহোদয়ের নিকট আবেদন জানান। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে মেধাবী এই শিক্ষার্থীকে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান মহোদয় ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তাঁর এই মানবিক উদ্যোগে স্থানীয় মহলে প্রশংসার সাড়া পড়েছে।
একই সঙ্গে দেশের এই সম্ভাবনাময় মেধাবী সন্তান মোঃ মারুফ হোসেনের চিকিৎসা শিক্ষা গ্রহণের পথ আরও সুগম করতে রাজারহাট উপজেলার সকল মানবিক ও সহানুভূতিশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন স্থানীয় সচেতন মহল।

Share With