উলিপুরে ২৭.৫ কেজি গাঁজা ও সিএনজি জব্দ করেছে পুলিশ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে উলিপুর থেকে চিলমারীগামী একটি সিএনজি উলিপুর পৌরসভার মোহাম্মদের মোড় এলাকায় পৌঁছালে উলিপুর থানা পুলিশের একটি চৌকস দল চেকপোস্ট পরিচালনা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজিটি দ্রুত গতিতে উল্টো পথে পালানোর চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে যায়।

দুর্ঘটনার পর সিএনজি চালক ও যাত্রীরা সুযোগ বুঝে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে দুর্ঘটনাকবলিত সিএনজিটি তল্লাশি করে পলিথিন মোড়ানো ৭টি প্যাকেটে মোট ২৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা বলে জানা গেছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, “চেকপোস্ট পরিচালনার সময় দুর্ঘটনাকবলিত সিএনজি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, জেলার মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে আছে।

Share With