জেলার উলিপুর উপজেলায় আজ চিলমারী-উলিপুর আঞ্চলিক সড়কের পাশ থেকে হামিদুল ইসলাম ওরফে বাবু (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকালে উপজেলার নিরাশির পাথার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হামিদুল ইসলাম উপজেলার তবকপুর ইউনিয়নের পশ্চিম সাদুল্যা পাকার মাথা এলাকার জোবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পথচারীরা সড়কের পাশে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশেই চাবিসহ অক্ষত অবস্থায় তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি দাঁড় করানো পাওয়া যায়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, নিহত ব্যক্তির চোখ, মুখ ও বাম কানে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া তাঁর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলেও জখমের আলামত দেখা গেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।