কুড়িগ্রামে ২০ হাজার টাকার জাল নোটসহ এক যুবক আটক

কুড়িগ্রামের উলিপুরে জাল টাকা দিয়ে বিকাশে লেনদেনের চেষ্টা করার সময় ফারুক মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ফারুক মিয়া রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের যাদুরচর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচপীর বাজারের একটি বিকাশ দোকানে ২০ হাজার টাকা লেনদেনের সময় দোকানিকে জাল টাকা দেন ফারুক মিয়া। টাকাগুলো জাল বলে সন্দেহ হলে দোকানি আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২০ হাজার ৫০০ টাকার জাল নোটসহ ফারুক মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, “আটক ফারুক মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।”

Share With