কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোছা. মুনতাহা (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর আনুমানিক দুইটার দিকে উপজেলার থেতরাই ইউনিয়নের বসুনিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুনতাহা কিশোরপুর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দা মো. আলেপ উদ্দিন গোসল করতে পুকুরে নামলে তার পায়ে কোনো একটি বস্তু স্পর্শ করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি সঙ্গে সঙ্গে পানিতে ডুব দিয়ে খোঁজ করেন।
পরে পানির নিচ থেকে শিশুটি মুনতাহাকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দীক জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।